আমাদের কালে ছিল না তো
ভারী ব্যাগের বোঝা,
দু-চারখানা বই হাতে নিয়েই
স্কুলে যাওয়া ছিল সোজা।
খাতার ভাঁজে কলম গুঁজে,
বই বগলেতে ধরে,
ছুটতাম সবাই দল বেঁধে
স্কুলের পথে ভোরে।
বৃষ্টি এলে কচুপাতা
কিংবা বই মাথায় দিয়ে,
কাদামাখা পথ পেরোতাম
সবাই হাসি-আনন্দ নিয়ে।
পকেটজুড়ে কাগজের নৌকা,
প্লেন বানানোর খেলা,
নান্টু মামার বার্মিজ আচারে
কাটত স্কুলবেলা!
পালা করে সিঙ্গারা খাওয়া,
ছিল নিত্যদিনের ধারা,
আয়নাল মামার দোকানটাতে
জমত বন্ধুদের সাড়া!
মাঠের কোণে রেইনট্রি তলায়
জমত খেলার মেলা,
খেলাধুলা আর দুষ্টুমিতে
কাটত সারা বেলা।
ফরিদ স্যার, গণিতের স্যার,
হঠাৎ ক্লাসে ঢুকতেন,
কলম দিয়ে ক্যারম খেলায়
আমাদের দেখতেন!
রেগে গিয়ে দিতেন পিটুনি,
শুরু হতো শাস্তির পালা!
দল বেঁধে ওয়াশরুমে গিয়ে
ধরা পড়তাম শেষে,
পুরো পিরিয়ড দাঁড়িয়ে থাকতাম
স্যারদেরই আদেশে!
সুব্রত শোনাত ছড়া-কবিতা,
অন্যরা শোনাত গান,
বন্ধুদের সেই আড্ডাতে
জুড়াত সবার প্রাণ।
না ছিল হাতে মোবাইল,
না ইন্টারনেটের জ্বালা,
বন্ধুদের সেই আড্ডাতেই
জমত আনন্দের মেলা।
আজও মনে পড়ে সেই দিন,
সেই বন্ধুদের মুখ,
ছোট্ট ছোট্ট দুষ্টুমিতে
ছিল যে কত সুখ!
ফিরে পাওয়া যাবে না আর
সেই দুরন্ত দিন,
স্মৃতির পাতায় রয়ে যাবে
চিরকাল রঙিন। 💙
✍️ **মনিরুল ইসলাম**
ব্যাচ–২০০২
বুখাইনগর মাধ্যমিক বিদ্যালয়।