একটি সোনালী শৈশবের ডায়েরি— "১৩৩ রোল থেকে প্রথম (১) হওয়ার গল্প"
M
✍️ Md Monirul Islam | 🎓 ব্যাচ বা সন: 2002
📅 13 Nov 2026
আমার ষষ্ঠ শ্রেণি—১৯৯৬ সাল। নতুন ভর্তি হয়েছি বুখাইনগর মাধ্যমিক বিদ্যালয়ে। একটু দেরিতেই ভর্তি হওয়া হয়েছিল আমার। এ কারণে ক্লাসে আমার পরে আর কোনো রোল নম্বর ছিল না। আমার রোল ডাকা শেষ হলেই (রোল রেজিস্টার বন্ধ করে) ক্লাস টিচার পড়ানো শুরু করতেন। ভর্তির সময় বুঝতেই পারিনি, ক্লাসের সর্বশেষ রোল নম্বরটিই হবে আমার—১৩৩, খ শাখা!
তখন ক ও খ—উভয় শাখার রেজিস্টারেই ছেলে-মেয়ে সবার নাম লিপিবদ্ধ থাকত। সবার শেষে ভর্তি হওয়ার কারণে আমার রোল নম্বর হয়েছিল ১৩৩। অবশ্য সপ্তম শ্রেণিতে ওঠার পর মেধা মূল্যায়নের ভিত্তিতে ছেলেদের সবাইকে ‘ক’ শাখায় এবং মেয়েদের সবাইকে ‘খ’ শাখায় স্থানান্তর করা হয়।
আমার প্রাথমিক বিদ্যালয়ের পড়াশোনা কেটেছে অন্যত্র। সেখানেও আলহামদুলিল্লাহ, ভালো ফলাফল করেই এসেছি। চতুর্থ শ্রেণিতে দ্বিতীয় এবং পঞ্চম শ্রেণিতে প্রথম স্থান অর্জন করেছিলাম।
হাই স্কুলে কোথায় পড়ব, তা নিয়ে কিছুটা অনিশ্চয়তা ছিল। অভিভাবকদের ভাবনায় ছিল—টুঙ্গিবাড়িয়া, খুলনা শহর, নাকি বুখাইনগর মাধ্যমিক বিদ্যালয়? এই সিদ্ধান্ত নিতে কিছুটা বিলম্ব হওয়ার কারণেই মূলত আমার ভর্তি হতে দেরি হয়েছিল।
অবশেষে বুখাইনগর মাধ্যমিক বিদ্যালয়ে ভর্তি হওয়ার সিদ্ধান্ত হয়। এ ক্ষেত্রে আমার শ্রদ্ধেয় আমির হোসেন মিয়া ও মরহুম মির্জা হাবিবুর রহমান (টেনু) মামা বিশেষভাবে সহযোগিতা করেছিলেন। তাঁদের সেই আন্তরিক সহযোগিতার কথা আজও গভীর কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করি। ❤️
তো, যাই হোক, এবার আসল গল্পে আসি।
সবার সঙ্গে অল্প দিনেই দারুণ বন্ধুত্ব হয়ে গেল। হাই স্কুলের বন্ধুত্বগুলো এমনিতেই বড় মধুর হয়! বিদ্যালয়ের ধূলিমলিন প্রাঙ্গণ, মাঠে ছোটাছুটি শেষে ঘামে ভেজা ক্লাসরুমের দুপুর, টিনশেডের বারান্দায় দাঁড়িয়ে বৃষ্টির শব্দ অনুভব করা, টিফিনের সময় বন্ধুদের সঙ্গে বাজারে গিয়ে গরম সিঙ্গারা খাওয়ার আড্ডা কিংবা পরীক্ষার সময় সেই চাপা উত্তেজনা—সব মিলিয়ে আজও মনে এক অপূর্ব অনুভূতির জন্ম দেয়।
তখন জীবনটা কতই না সহজ ছিল! বড় কোনো প্রাপ্তির মোহ ছিল না; ছিল শুধু একটু খেলার মাঠ, কিছু রঙিন স্বপ্ন আর একমুঠো খাঁটি বন্ধুত্ব।
দেখতে দেখতে বছর কেটে গেল। শেষ হলো বার্ষিক পরীক্ষা।
বার্ষিক পরীক্ষার ফলাফল জানার জন্য সকাল সাড়ে দশটা থেকে এগারোটার মধ্যে স্কুলে উপস্থিত থাকতে বলা হয়েছিল। দিনটি সম্ভবত ১৮ জানুয়ারি ১৯৯৭, শনিবার। শীতকাল—শীতের মিষ্টি রোদ ছড়িয়ে ছিল চারদিকে।
সব ছাত্রছাত্রীকে লাইব্রেরির সামনের মাঠে দাঁড়াতে বলা হলো। অন্যান্য শিক্ষকমণ্ডলীর সঙ্গে আমাদের শ্রদ্ধেয় প্রধান শিক্ষক জনাব আব্দুর রহমান স্যারও বারান্দায় একটি চেয়ার পেতে বসেছিলেন। সেদিন তাঁকে বেশ সুন্দর ও ব্যক্তিত্বসম্পন্ন লাগছিল।
তিনি ছোট শ্রেণি, অর্থাৎ ষষ্ঠ শ্রেণি থেকে ফলাফল ঘোষণা শুরু করলেন। একসময় আব্দুর রহমান স্যার ঘোষণা করলেন—
“ষষ্ঠ শ্রেণি থেকে যারা সপ্তম শ্রেণিতে উত্তীর্ণ হয়েছ, তাদের ফলাফল ঘোষণা করছি... তাদের মধ্যে প্রথম হয়েছে—মোঃ মনিরুল ইসলাম, ক শাখা (যার ষষ্ঠ শ্রেণিতে ক্লাস রোল ছিল খ শাখায় ১৩৩)।”
নিজের নাম ও প্রথম হওয়ার খবর শোনার পর কী যে আনন্দ হয়েছিল, তা ভাষায় প্রকাশ করার মতো নয়! ফলাফল ঘোষণার পর আনন্দের আতিশয্যে স্কুলের মাঠে আর বেশিক্ষণ দাঁড়িয়ে থাকতে পারলাম না। স্কুলমাঠ থেকে বেরিয়ে শীতের শুকনো খেত ধরে সোজা নানাবাড়ির দিকে রওনা হলাম!
হাঁটছিলাম, নাকি দৌড়াচ্ছিলাম—সেটাও যেন বুঝতে পারছিলাম না।
আহা! কী দারুণ রোমাঞ্চকর ছিল সেই মুহূর্তটি!
শ্রদ্ধেয় আব্দুর রহমান স্যার এবং পাশাপাশি আমার সকল প্রিয় শিক্ষক-শিক্ষিকাদের প্রতি রইল গভীর শ্রদ্ধা, ভালোবাসা ও আন্তরিক কৃতজ্ঞতা। আপনাদের মতো শিক্ষক জীবনে পাওয়াটা সত্যিই পরম সৌভাগ্যের। ❤️
আপনাদের সবার জন্য অন্তরের গভীর থেকে দোয়া ও শ্রদ্ধা রইল। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। 🤲❤️
এই সাফল্যের ধারাবাহিকতা অষ্টম শ্রেণি পর্যন্ত ধরে রাখতে পেরেছিলাম। তবে নবম শ্রেণিতে গিয়ে আর সেই ধারাবাহিকতা বজায় রাখতে পারিনি। নবম শ্রেণিতে ওঠার পর গ্রুপ বা বিষয়ভিত্তিক পড়াশোনা শুরু হয়। পড়াশোনার ধরনেও কিছুটা পরিবর্তন আসে। নিজের গাফিলতি, পড়াশোনায় অমনোযোগিতা এবং আরও নানা কারণেই হয়তো ভালো ফলাফল ধরে রাখতে পারিনি!
আসলে সাফল্যের অনুভূতি সবসময়ই ভীষণ মধুর হয়। তবে ব্যর্থতা থেকেও মানুষ অনেক বড় শিক্ষা পায়—যদিও সেই শিক্ষাটা পেতে আমার একটু দেরিই হয়ে গিয়েছিল।
শেষকথা
আজ এত বছর পর পেছনে ফিরে তাকালে মনে হয়, জীবনের সেই ছোট্ট অর্জনটি আমার শৈশবের অন্যতম আনন্দময় স্মৃতি হয়ে আছে। বুখাইনগর স্কুলে এসে ১৩৩ রোল নম্বর থেকে প্রথম (১) হওয়ার সেই গল্পটি আজও আমার শিক্ষাজীবনের এক বিশেষ প্রাপ্তি হয়ে আছে।
এটি শুধু একটি পরীক্ষার ফলাফলের গল্প নয়; এটি আমার শৈশব, বন্ধুত্ব, প্রিয় শিক্ষক, শ্রদ্ধেয় বড় ভাই ও ছোটদের সঙ্গে কাটানো অসংখ্য স্মৃতি, পরিবারের প্রত্যাশা এবং জীবনের প্রথম দিকের কিছু আনন্দময় অর্জনের গল্প।
সেই দিনগুলো, সেই মানুষগুলো, সোনালী সময়ের প্রিয় বন্ধুরা এবং শ্রদ্ধেয় বড় ভাই ও স্নেহের ছোটদের প্রতি রইল অফুরন্ত ভালোবাসা, শ্রদ্ধা ও আন্তরিক শুভকামনা। 💙
নোট: লেখাটি আমার শৈশবের বাস্তব জীবনের স্মৃতি থেকে লেখা। স্মৃতির পাতা থেকে ঘটনাগুলো তুলে ধরতে গিয়ে কোনো ভুলত্রুটি হয়ে থাকলে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন।