২০২১ সালে নীল-সাদা ইউনিফর্ম পরে বুখাইনগর মাধ্যমিক বিদ্যালয়ে ক্লাস সিক্সে ভর্তি হয়েছিলাম। শিক্ষকদের স্নেহ আর বন্ধুদের ভালোবাসায় প্রথম দিনের ভয়টা আমার দ্রুতই কেটে যায়।
৯:৪৫-এর সমাবেশ ও জাতীয় সঙ্গীতের পর ১০টায় ঘণ্টা পড়তেই ক্লাস শুরু হতো। টিফিনের বিরতিতে ঝালমুড়ি-ফুচকার দোকানে লাইন দেওয়া, অফুরন্ত ছোটাছুটি আর বন্ধুদের অদ্ভুত সব ডাকনাম দেওয়া ছিল প্রতিদিনের আনন্দ। আমাদের স্কুলটি একেক ঋতুতে ভিন্ন রূপ নিতো। শীতের সকালে ব্যাডমিন্টন খেলা, গ্রীষ্মে গাছের ছায়ায় বসা আর বর্ষায় ফুটবল টুর্নামেন্টে জানালার গ্রিল ধরে প্রিয় দলের জন্য চিৎকার করার স্মৃতি কোনোদিন ভোলার নয়। স্পোর্টসের 'ডিসপ্লে' আর আইসিটি ল্যাবে ভালো কম্পিউটারটি দখল করার হুড়োহুড়ি আজ বড্ড মনে পড়ে। বৃষ্টির দিনে কারেন্ট চলে গেলে বান্ধবীরা মিলে ক্লাসরুমে টেবিল চাপড়ে গান গাইতাম, শিক্ষকেরাও পড়া ভুলে গল্পে মেতে উঠতেন। কোনো পড়া না বুঝলে শিক্ষকেরা পরম মায়ায় বুঝিয়ে দিতেন।শিক্ষকরা আমাদের শুধু বইয়ের পাতায় সীমাবদ্ধ রাখেননি তারা আমাদের শিখিয়েছেন শৃঙ্খলা, সততা এবং জুগিয়েছেন জীবনের কঠিন থেকে কঠিনতর বাধাগুলো অতিক্রম করে সামনে এগিয়ে চলার সা্হস।
আজ স্কুলে নতুন ভবন ও নতুন বেঞ্চ এসেছে, কিন্তু আমাদের চেনা কোলাহল আর ফিরে আসবে না। বিদ্যাপীঠের জন্য রইলো অন্তহীন শুভকামনা। বিদায় প্রিয় বিদ্যাপীঠ, তুমি আমার জীবনের একটি অবিচ্ছেদ্য অংশ হয়ে রইবে আজীবন।