বুখাইনগর মাধ্যমিক বিদ্যালয়ের হীরক জয়ন্তী ও প্রাক্তন শিক্ষার্থী মহামিলন–২০২৬

স্মৃতির অলিন্দে প্রিও শিক্ষক

ম মোঃ রাজিব

✍️ মোঃ রাজিব  |  🎓 ব্যাচ বা সন: 2022

📅 06 Nov 2026

*স্মৃতির অলিন্দে প্রিয় শিক্ষক* স্মৃতির অলিন্দে চোখ বন্ধ করলেই এখনো একটা মুখ ভেসে ওঠে। চোখে চশমা পরা,মুখটা হাসিতে ভরা, ফুল হাতার একটি র্সাট পরা আমার শিক্ষক যার ভেতরে ভীষণ মায়া ভরা একটা মুখ। তিনি আমাদের সবার প্রিয় শিক্ষক, বুখাইনগর মাধ্যমিক বিদ্যালয়ের শ্রদ্ধেয় প্রধান শিক্ষক মোঃ আরিফুর রহমান (ফরিদ) স্যার। স্যারকে মনে পড়লেই প্রথমে মনে পড়ে স্কুলের সকালের কথা। সবথেকে বেশি মনে পরে ক্লাসে উপস্থিত হওয়ার আগের মুহূর্তটা। দেরি করে আসলে স্যার গেটে দাঁড়িয়ে থাকতেন। কড়া গলায় বলতেন, “কাল থেকে সময়মতো আসবা।” আমরা ভয়ে মাথা নিচু করে ক্লাসে ঢুকতাম। তখন বুঝতাম না, এই শাসনের আড়ালে কতটা ভালোবাসা লুকিয়ে ছিল। স্যার ছিলেন এমন একজন মানুষ, যিনি ছাত্রদের শুধু বইয়ের পড়া শেখাননি। শিখিয়েছেন কিভাবে সত্য কথা বলতে হয়, কিভাবে বড়দের সম্মান করতে হয়, কিভাবে গরিবের পাশে দাঁড়াতে হয়। তিনি বলতেন, “পরীক্ষায় ফেল করলে আবার পাশ করা যায়, কিন্তু মানুষ হিসেবে ফেল করলে আর পাশ করা যায় না।” এই কথাটা আজও আমার কানে বাজে। আমাদের ক্লাসে অনেক ছেলে ছিল যারা ঠিকমতো বেতন দিতে পারতো না। স্যার কখনো তাদের সবার সামনে লজ্জা দেননি। চুপচাপ ডেকে নিয়ে বলতেন, “তুমি শুধু মন দিয়ে পড়ো, বাকিটা আমি দেখবো।” স্যারের এই মানবিকতাই তাকে সবার থেকে আলাদা করেছিল। স্যারের সাথে আমার অনেক স্মৃতি। পরীক্ষার আগে স্যার ডেকে বলেছিলেন, “রাজিব, তুমি পারবা। নিজের উপর বিশ্বাস রাখো।” স্যারের সেই একটা কথাই আমার সাহস হয়ে গিয়েছিল। এসএসসি ২০২২ ব্যাচের আমরা যারা আছি, তারাও সঠিক জানিনা স্যার আমাদের জন্য কতটা করেছেন। কিন্তু নিয়তির কি নির্মম পরিহাস! ৮ জানুয়ারি ২০২২ সালে স্যার আমাদের ছেড়ে চিরদিনের জন্য চলে গেলেন। খবরটা শোনার পর মনে হয়েছিল, বুকের ভেতরটা ফাঁকা হয়ে গেছে। স্কুলে গিয়ে দেখি বারান্দাটা খালি, স্যারের চেয়ারটা খালি। মনে হচ্ছিল, স্যার এক্ষুনি এসে বলবেন, “কি রে, মন খারাপ কেন?” আজ হীরক জয়ন্তীতে স্কুল ভরা মানুষ, অনেক আনন্দ, অনেক আয়োজন। কিন্তু মনের এক কোণে শুধু একটা শূন্যতা। স্যার থাকলে আজ কত খুশি হতেন। তার স্বপ্নের স্কুল ৬০ বছর পার করেছে — এটা দেখে তিনি কত গর্ব করতেন। স্যার, আপনি নেই, এটা সত্য। কিন্তু স্মৃতির অলিন্দে আপনি আজও জীবন্ত। আপনার আদর্শ, আপনার শাসন, আপনার ভালোবাসা — সবকিছু আজও আমাদের পথ দেখায়। আল্লাহর কাছে মন থেকে দোয়া করি, আল্লাহ আপনাকে জান্নাতুল ফেরদাউস নসিব করুন। আমিন। আপনি চিরকাল আমাদের হৃদয়ে থাকবেন স্যার। *— মোঃ রাজিব, এসএসসি - ২০২২