স্মৃতির পাতায় ফেলে আসা সোনালি দিনগুলো
সময় কত দ্রুত চলে যায়! দেখতে দেখতে আমাদের প্রিয় স্কুলের ৬০ বছর পূর্ণ হতে চলেছে। হীরক জয়ন্তী ও মিলনমেলার এই আয়োজন যেন আমাদের আবার ফিরিয়ে নিয়ে যাচ্ছে সেই ফেলে আসা দিনগুলোতে, যখন জীবনটা ছিল অনেক সহজ, আনন্দময় আর নির্মল।
আমাদের স্কুলজীবনের কথা মনে পড়লে প্রথমেই মনে পড়ে শিক্ষকদের শাসন আর তাঁদের বেতের আঘাতের কথা। হয়তো আমাদের অনেকের আজকের অবস্থানে পৌঁছানোর পেছনে শিক্ষকদের সেই শাসনেরও কিছু অবদান রয়েছে! স্যারের হাতে বেতের মার খেয়েছি, কখনো ভয়ে কাঁপতাম, কখনো অভিমান করতাম। কিন্তু মজার বিষয় হলো, সেই শাসনের মধ্যেও শিক্ষকদের প্রতি আমাদের শ্রদ্ধা ও সম্মান ছিল অন্যরকম।
কোনো স্যারকে আমাদের গ্রামের বাজারে দেখলেও অনেক সময় আমরা লুকিয়ে পড়তাম। খালের অপর প্রান্ত থেকে কোনো স্যারকে আসতে দেখলে গাছের আড়ালে লুকিয়ে থাকতাম, যেন স্যারের চোখে না পড়ি! অথচ সেই ভয়টার মধ্যেই ছিল গভীর শ্রদ্ধা ও সম্মান। আজ সময় বদলেছে, শিক্ষার পরিবেশ বদলেছে, শাসনের ধরনও পরিবর্তিত হয়েছে। তবে আমাদের সময় শিক্ষকদের প্রতি যে ভয়মিশ্রিত শ্রদ্ধা, সম্মান ও আনুগত্য ছিল, সেটি ছিল সত্যিই অন্যরকম। আজকের প্রজন্ম হয়তো আমাদের সেই সময়ের অনুভূতিটা পুরোপুরি উপলব্ধি করতে পারবে না।
আমাদের স্কুলজীবনের সবচেয়ে আনন্দের সময়গুলোর মধ্যে স্পোর্টস ডে এবং ২১শে ফেব্রুয়ারি ছিল অন্যতম। খেলাধুলার প্রতিযোগিতা, বন্ধুদের সঙ্গে হৈচৈ, পুরস্কার পাওয়ার উত্তেজনা—সব মিলিয়ে সেই দিনগুলো ছিল অন্যরকম আনন্দের।
আর ২১শে ফেব্রুয়ারিকে ঘিরে আমাদের প্রস্তুতি, শহীদ মিনারের জন্য ফুল সংগ্রহ এবং নানা আয়োজন ছিল এক বিশেষ আবেগের জায়গা। ফুল সংগ্রহ করতে গিয়ে কত মজার ঘটনাই না ঘটেছে! ফুল চুরি করতে গিয়ে কুকুরের তাড়া খাওয়া ছিল যেন আমাদের প্রতিবছরের নিয়মিত ঘটনা। এক বছর যে অভিজ্ঞতা, পরের বছরও প্রায় একই কাণ্ড! তখন হয়তো ভয়ে দৌড়াতে দৌড়াতে প্রাণ ওষ্ঠাগত হতো, কিন্তু আজ সেই ঘটনাগুলো মনে পড়লে অজান্তেই মুখে হাসি চলে আসে।
আসলে আমাদের স্কুলজীবন শুধু বই, খাতা আর পরীক্ষার মধ্যে সীমাবদ্ধ ছিল না। ছিল বন্ধুত্ব, দুষ্টুমি, ভয়, আনন্দ, অভিমান, প্রতিযোগিতা আর অসংখ্য ছোট ছোট গল্প। তখন বুঝিনি, জীবনের সবচেয়ে সুন্দর সময়গুলোর একটি পার করছি। আজ এত বছর পর বুঝতে পারি, সেই সাধারণ দিনগুলোই ছিল আমাদের জীবনের অসাধারণ সম্পদ।
জীবনের প্রয়োজনে আমরা আজ কেউ দেশে, কেউ বিদেশে, কেউ ব্যস্ত সংসার ও কর্মজীবনে। সময়ের ব্যবধানে হয়তো অনেকের চেহারা বদলে গেছে, বদলে গেছে জীবনযাপনের ধরন; কিন্তু মনের ভেতরে সেই স্কুলের মাঠ, শ্রেণিকক্ষ, শিক্ষকদের শাসন আর বন্ধুদের সঙ্গে কাটানো মুহূর্তগুলো আজও অমলিন।
হীরক জয়ন্তী ও মিলনমেলা শুধু একটি উৎসব নয়, এটি আমাদের শেকড়ে ফিরে যাওয়ার একটি উপলক্ষ। পুরোনো বন্ধুদের আবার একসঙ্গে দেখা, হারিয়ে যাওয়া স্মৃতিগুলো নতুন করে ভাগ করে নেওয়া এবং নতুন প্রজন্মের কাছে আমাদের সময়ের গল্পগুলো তুলে ধরার একটি সুন্দর সুযোগ।
আমাদের প্রিয় স্কুলের ৬০ বছরের এই গৌরবময় পথচলায় শ্রদ্ধাভরে স্মরণ করছি সেই সব শিক্ষককে, যাঁদের শাসন, শিক্ষা, অনুশাসন ও ভালোবাসায় আমরা আজকের অবস্থানে পৌঁছেছি।
আজ পেছনে ফিরে তাকালে উপলব্ধি করি, শিক্ষকদের সেই শাসন, উপদেশ ও ভালোবাসা আমাদের শুধু পাঠ্যবইয়ের শিক্ষা দেয়নি; শিখিয়েছে শৃঙ্খলা, দায়িত্ববোধ, নৈতিকতা এবং জীবনের পথে এগিয়ে যাওয়ার সাহস। তাঁদের সেই অবদানই আমাদের জীবনের সফলতার পেছনে এক মূল্যবান প্রেরণা।
প্রিয় স্কুল, তোমার কাছে আমাদের ঋণ, ভালোবাসা ও কৃতজ্ঞতা চিরদিনের। তোমার আঙিনায় কাটানো সেই সোনালি দিনগুলো, শিক্ষকদের শাসন আর বন্ধুদের দুষ্টুমিভরা স্মৃতিগুলো আমাদের হৃদয়ে বেঁচে থাকবে আজীবন।