বুখাইনগর মাধ্যমিক বিদ্যালয়ের হীরক জয়ন্তী ও প্রাক্তন শিক্ষার্থী মহামিলন–২০২৬

স্মৃতিচারণ।

ম মো: শাহাদাত হোসেন

✍️ মো: শাহাদাত হোসেন  |  🎓 ব্যাচ বা সন: 2016

📅 18 Oct 2026

আজ এক ঐতিহাসিক ও আনন্দের দিন! আমাদের প্রাণপ্রিয় বুখাইনগর মাধ্যমিক বিদ্যালয় আজ গৌরবের ষাট বছর পূর্ণ করে হীরক জয়ন্তীতে পদার্পণ করেছে। দীর্ঘ ছয়টি দশক ধরে এই বিদ্যাপীঠ জ্ঞানের আলো ছড়িয়ে আসছে। এই প্রাঙ্গণ হাজারো শিক্ষার্থীর স্বপ্ন বোনার কারিগর, যার ছায়ায় বেড়ে উঠেছেন অনেক নীতিবান, প্রতিভাবান ও দেশের শ্রেষ্ঠ সন্তান। আজকের এই শুভ দিনে আমরা গভীর শ্রদ্ধা ও কৃতজ্ঞতার সাথে স্মরণ করছি সেই মহান উদ্যোক্তা ও প্রতিষ্ঠাতা গুণীজনদের, যাদের ত্যাগ ও স্বপ্নে আজকের এই বুখাইনগর মাধ্যমিক বিদ্যালয় গড়ে উঠেছে। শ্রদ্ধা জানাই সেই সকল শিক্ষকদের, যারা দিনের পর দিন নিজেদের মেধা ও শ্রম দিয়ে আমাদের আলোকিত মানুষ হিসেবে গড়ে তুলেছেন। আমি আরো স্মরণ করছি আমাদের সবার প্রাণপ্রিয় বুখাইনগর মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মরহুম জনাব আরিফুর রহমান ফরিদ স্যার কে আল্লাহপাক তাকে জান্নাতের দান করুক। ষাট বছরের এই দীর্ঘ পথচলায় কত স্মৃতির মেলবন্ধন ঘটেছে! আজ প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীদের এই মহামিলনমেলা যেন এক পরম আনন্দের উৎসব। বিদ্যাপীঠের এই উঠানে দাঁড়ালেই মনে পড়ে শৈশব ও কৈশোরের সেই মধুর দিনগুলোর কথা। মনে পরে যায় টিফিনের সময়গুলোর কথা, মনে পড়ে যায় ব্যাক ব্যাঞ্চে বসে খুনসুটি করার অপরাধে সবার সামনে দাঁড়িয়ে থাকার কথা। এরকম হাজারো স্মৃতি নিয়ে একদিন বাড়ি ফিরে স্কুলের ইউনিফর্ম খুলে রাখা হলো সেটি আর গায়ে জড়ানো হলো না। দেখতে দেখতে দশটি বছর অতিবাহিত হয়ে গেল। বন্ধুরা ও অনুজরা,ষাট বছরের এই সুদীর্ঘ পদযাত্রায় বুখাইনগর মাধ্যমিক বিদ্যালয় কেবল একটি শিক্ষাপ্রতিষ্ঠান হিসেবেই থাকেনি; এটি পরিণত হয়েছে স্মৃতি, ঐতিহ্য ও আবেগের এক পরম তীর্থস্থানে। আজ প্রাক্তন ও বর্তমানের এই অপূর্ব মেলবন্ধন আমাদের স্মরণ করিয়ে দেয় যে, স্থান ও কালের দূরত্ব যতই হোক না কেন, এই আঙিনার সাথে আমাদের নাড়ির বন্ধন চিরন্তন। আমাদের অর্জিত শিক্ষা ও নৈতিক আদর্শ যেন সমাজ ও রাষ্ট্রের কল্যাণে নিয়োজিত থাকে— আজকের এই গৌরবময় লগ্নে এটাই হোক আমাদের অঙ্গীকার। আসুন, আমরা প্রতিনিয়ত এই বিদ্যাপীঠের সুনাম, গৌরব ও ঐতিহ্যকে আরও মহিমান্বিত করার শপথ গ্রহণ করি। পরিশেষে, হীরক জয়ন্তী উদযাপন কমিটির সকল সদস্য ও যারা এই অনুষ্ঠান সফল করতে পরিশ্রম করেছেন, সবাইকে আন্তরিক ধন্যবাদ জানাই। আমাদের বুখাইনগর মাধ্যমিক বিদ্যালয়ের সাফল্য ও গৌরবময় যাত্রা চির অম্লান থাকুক। ধন্যবাদ সবাইকে। মো: শাহাদাত হোসেন ফোন: ০১৬৩৯৫০১২২২ ব্যাচ :২০১৬